চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সুকতারা বেগম (২০) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মারুফ গোস্তামার বাড়ির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুকতারা বেগম ওই বাসায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসা থেকে সুকতারার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হারামিয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘উদ্ধার করা মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’