এশিয়ান প্যারা গেমসকে সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। ছয়টি ইভেন্টে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে চলছে এই প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্যারা অ্যাথলেটদের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। এ সময় প্যারা খেলাধুলার অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইসরাফিল খসরু বলেন, ‘ক্রিকেটের বাইরে শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটারদের কার্যক্রম এবং সামগ্রিক প্যারা খেলাধুলার সার্বিক উন্নয়নে বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ভবিষ্যতে কাঠামোগত সহায়তা দেওয়ার বিষয়েও কথা হয়েছে। সব ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করলে দেশে প্যারা খেলাধুলার বিকাশ আরও ত্বরান্বিত হবে।’
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) সভাপতি নাসিরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এবারের এশিয়ান প্যারা গেমসে আমাদের বিশেষ নজর বোচিয়া, অ্যাথলেটিক্স, আরচারি ও সাঁতারে। অ্যাথলেটিকসে বাংলাদেশের একাধিক অ্যাথলেট বিশ্ব র্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে রয়েছেন। তা ছাড়া সাম্প্রতিক এশিয়ান ইয়ুথ গেমসে সাঁতারে যে সাফল্য এসেছে, তা আমাদের মূল গেমসেও পদক জয়ের বড় আত্মবিশ্বাস জোগাচ্ছে।’