মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরে দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গতকাল শনিবার সকালে মোহাম্মদীয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন  মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬) এবং মো. চাঁন মিয়া (২০)।

র‌্যাব-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, আটকরা মোহাম্মদীয়া হাউজিং এলাকায় ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপের’ সক্রিয় সদস্য। সকালে র‌্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদীয়া হাউজিং এলাকায় দুষ্কৃৃতকারীরা দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়। তারা মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, দস্যুতা, ডাকাতি এবং মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একধিক থানায় মামলা রয়েছে। রাফাত চকদারের নামে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতি গ্রহণের দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে। এ ছাড়া হানিফ হোসেন ওরফে জয়ের নামে মোহাম্মদপুর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি গ্রহণ, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি, দ্রুত বিচার আইনে একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এবং জয় তিনটি মামলার চার্জশিটে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার জয় আগেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনবার গ্রেপ্তার হয়েছিল। মো. চাঁন মিয়ার নামে মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদকের দুটি এবং আদাবর থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত