উনিশের কাছে তেইশের হার

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৮ এএম

গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফির দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের চ্যালেঞ্জের কাছে হেরে গেল অনূর্ধ্ব-২৩ দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার ২২৬ রানের গড়পড়তা পুঁজি নিয়েও শেষ ওভারে গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে জিতেছে অনূর্ধ্ব-১৯ এর যুবারা।

দেশের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এবারই প্রথম ৫০ ওভার ম্যাচের এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর প্রথম ম্যাচে অনায়াসেই অনূর্ধ্ব-১৭ দলকে উড়িয়ে দিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল।  তবে অতটা সহজ হয়নি অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জয়। বরং বয়স ও অভিজ্ঞতার কারণে এগিয়ে থাকা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়েই শেষ পর্যন্ত হাল না ছেড়ে শ্বাসররুদ্ধকর এক জয়ের আনন্দে মাঠ ছেড়েছে ফরিদ হাসান ফয়সালের নেতৃত্বাধীন দল।

ম্যাচে আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২২৬ রানে গুটিয়ে যায় অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন রবিউল হাসান অনিক। ছয় নম্বরে নেমে ৮২ বলের অপরাজিত ইনিংসে ৫ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। এছাড়া উইকেটকিপার-ব্যাটার আবদুল্লাহ আল মুহি ৪৬ বলে ৪০, আহসান আল মুমিনুল ৫৬ বলে ৩৭ ও ফারহান সাদিকের ব্যাট থেকে আসে ২৬ বলে ২৯ রান। অনূর্ধ্ব-২৩ দলের অফ স্পিনার শেখ পারভেজ জীবন ৩৮ রানে নেন ৩ উইকেট। এছাড়া আহরার আমিন পিয়ান ও আজিজুল হাকিম তামিমের শিকার ২টি করে উইকেট।

রান তাড়ায় শুরুটা মন্দ ছিল না অনূর্ধ্ব-২৩ দলের। প্রথম চারের ব্যাটারের সবাই খেলেন ২৫ ছাড়ানো ইনিংস। তবে কেউই ফিফটি করতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন জাওয়াদ আবরার (৩০ বলে ২৬) ও খালিদ হাসান (২৮ বলে ৩৪)। পরে তামিম ৪৫ বলে ২৮ ও অধিনায়ক কালাম সিদ্দিকি এলিন খেলেন ৪৯ বলে ৩২ রানের ইনিংস।

একপর্যায়ে মাত্র ৩ উইকেটে ১২৬ রান করে ফেলে অনূর্ধ্ব-২৩ দল। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় আহরার আমিন পিয়ান ও রিজান হোসেনের ষষ্ঠ উইকেট জুটিতে। দুজন মিলে গড়েন ৪১ রানের জুটি। পিয়ান ২৪ বলে ২৫ রান করে ফিরলেও দলকে এগিয়ে নিতে থাকেন রিজান। জয়ের জন্য মাত্র ১৪ রান বাকি থাকতে আউট হন ৭৫ বলে ৪৪ রান করা রিজান। এরপর মাহফুজুর রহমান রাব্বি (২৬ বলে ১৬) ফিরে গেলে আশা দেখতে শুরু করে অনূর্ধ্ব-১৯ দল। দুই ওভারে ৮ রানের সমীকরণে ৪৯তম ওভারে মাত্র ২ রান নিতে পারে অনূর্ধ্ব-২৩ দল। উল্টো ড্রেসিং রুমে ফিরে যান পারভেজ জীবন।

ফলে ৬ বলে বাকি থাকে ৬ রান। আর অনূর্ধ্ব-১৯ দলের নিতে হতো শেষ উইকেট। দ্বিতীয় বলে ১ রান নিয়ে রাহিন আহমেদকে স্ট্রাইক দেন মারুফ মৃধা। ওভারের তৃতীয় বলে চমৎকার ডেলিভারিতে রাহিনকে এলবিডব্লিউ করে অনূর্ধ্ব-১৯ দলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন রহিম আহমেদ। ৫২ রানে ৪ উইকেট নিয়ে রহিমই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া আল রাফি ও তাফিউল আলম তামিমের শিকার ২টি করে উইকেট।

সর্বশেষ সর্বাধিক পঠিত