বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পরও আবারও ট্রায়ালের মুখোমুখি হতে হচ্ছে কিউবা মিচেলকে। ইংল্যান্ড প্রবাসী এই তরুণ মিডফিল্ডারকে আসন্ন ফিফা আসিয়ান কাপের জন্য সরাসরি জাতীয় দলের মূল ক্যাম্পে না রেখে নতুন করে যাচাই করতে চান প্রধান কোচ টমাস ডুলি। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট কিউবা সামাজিক মাধ্যমে বাংলাদেশ-সম্পর্কিত নিজের ছবি ও স্মৃতি মুছে ফেলেছেন।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কিউবার। নেপালের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ দিকে মাঠে নেমেছিলেন তিনি। পরে জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও যোগ হয় তার ক্যারিয়ারে। কিন্তু নতুন কোচ ডুলির অধীনে পরিস্থিতি বদলে গেছে। আসন্ন আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে কিউবাকে সরাসরি অন্তর্ভুক্ত না করে দুই-তিন দিনের ট্রায়ালে তার পারফরম্যান্স দেখতে চান কোচ। ডুলির যুক্তি, তিনি কিউবার খেলা সরাসরি দেখেননি; তাই জাতীয় দলে নেওয়ার আগে তাকে মূল্যায়ন করতে চান। যা নিজের জন্য বেশ অপমানজনক মনে করেন কিউবা।
বিতর্কের বড় জায়গা তৈরি হয়েছে যাতায়াত খরচ নিয়ে। সূত্রে জানা গেছে, ইংল্যান্ড থেকে ঢাকায় এসে ট্রায়ালে অংশ নেওয়ার জন্য কিউবাকে নিজের খরচে ভ্রমণ করতে বলা হয়েছে। কোচের বক্তব্য, ট্রায়ালে ভালো করে চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারলে এরপর ফেডারেশন তার বিমানের খরচ বহন করবে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ কিউবা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ-সম্পর্কিত সব ছবি সরিয়ে ফেলেছেন। ফলে মাত্র এক বছর আগে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এই তরুণের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
কিউবার বিষয়টি আরও আলোচনায় এসেছে তার সাম্প্রতিক ক্লাব ক্যারিয়ারের কারণেও। ২০২৫ সালে বসুন্ধরা কিংসে যোগ দেওয়া এই মিডফিল্ডার পরে বেতনসংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে ক্লাব ছাড়েন। বর্তমানে তিনি ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড টাউনের হয়ে খেলছেন।