জালিয়াতির এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক নেতা ও আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান আসামি জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর এ আদেশ দেন। ২০২০ সালের নভেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন কাজ পেতে জালিয়াতির অভিযোগে জি কে শামীমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, মামলার একমাত্র আসামি জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আসামি হাইকোর্ট থেকে জামিনে আছেন। অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে হাজির ছিলেন। ২০ সেপ্টেম্বর এ মামলার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।