আন্তঃসীমান্ত পানিসহ দেশের পানিসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান করাটা কারিগরি বিষয় হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক ও জাতীয় স্বার্থের ভিত্তিতে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
গতকাল রবিবার ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘আন্তঃসীমান্ত পানি বণ্টন ইস্যু ও পদ্মা ব্যারাজ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। সেমিনার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ।
ড. তিতুমীর বলেন, বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় দুটি বাস্তবতা রয়েছেÑ বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি এবং শুষ্ক মৌসুমে পানির সংকট। এ দুই বাস্তবতা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, রাজনৈতিক অঙ্গীকার ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পানি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় কারিগরি হতে পারে, কিন্তু এসব সমস্যার সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আর সেই সিদ্ধান্তে অবশ্যই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
নদীর পরিবেশগত গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, নদী শুধু পানির প্রবাহ নয়; এর সঙ্গে কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য, মানুষের জীবন-জীবিকা ও একটি অঞ্চলের সামগ্রিক অর্থনীতি জড়িয়ে আছে। তাই পানি ও নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধু প্রকৌশলগত দৃষ্টিভঙ্গি যথেষ্ট নয়; এর পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও বিবেচনায় নিতে হবে।
প্রস্তাবিত পদ্মা ব্যারাজকে শুধু একটি প্রকৌশল প্রকল্প হিসেবে দেখলে হবে না, এমনটি উল্লেখ করে তিনি বলেন, এই ব্যারেজ কৃষি, মানুষের জীবন-জীবিকা এবং দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি জাতীয় উন্নয়ন ইস্যু।