ধামরাই ফুটওভার ব্রিজের দোকান উচ্ছেদ অভিযান

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৩২ এএম

ঢাকার ধামরাইয়ে ফুটওভার ব্রিজে অবৈধ দোকান বসিয়ে পথচারীদের ভোগান্তি হচ্ছে ‘দেশ রূপান্তর’-এ এমন সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ঢুলিভিটা ও থানা রোড বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রিজের ওপর ও সিঁড়ির মুখে বসানো ভ্রাম্যমাণ দোকান সরিয়ে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও পলিথিনও অপসারণ করা হয়।

এর আগে ২৮ আগস্ট ‘দুটি মিনি শপিংমল, ভোগান্তি পথচারীর’ শিরোনামে ‘দেশ রূপান্তর’-এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ফুটওভার ব্রিজে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ও নিরাপত্তাঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, দেশ রূপান্তর পত্রিকায় সংবাদসহ একাধিক পথচারীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান। এ সময় তিনি আরও বলেন, ফুটওভার ব্রিজে কোনো ধরনের দোকান বা অবৈধ স্থাপনা বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এমন দখল হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত