হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। ঘটনায় জড়িত আরেকজন পলাতক রয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশের পৃথক অভিযানে উত্তরা ১ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেপ্তার করে। ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ এ তথ্য নিশ্চিত করে জানান, এক মালয়েশিয়া প্রবাসীর ভাইয়ের মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের ঘটনায় গত ২৯ আগস্ট প্রবাসীর ভাই সুমন মামলা দায়ের করেন। মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে ৩ নম্বর আসামি এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেন, মালয়েশিয়া প্রবাসী তার বড় ভাই কাউসার ছোট বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট মালেয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি (বাদী) ওইদিন রাত ৮টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে ভাড়া করা হায়েচ গাড়িতে ওঠেন। ৮টা ৫ মিনিটে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশের রাস্তায় গেলে আসামিরা বলে, ‘আমরা আওয়ামী লীগ করি, আমাদের কাছে বোমা আছে। এ কথা বলেই তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।
একপর্যায়ে আসামিরা সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় একজন পথচারী আমাদের বাঁচানোর চেষ্টা করে এবং একজন তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। একপর্যায়ে আরও লোকজন আসতে দেখে আসামিরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ডিএমপির বিমানবন্দর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামিদেরই গ্রেপ্তার করা হয়েছে। তারা একদিনের পুলিশি রিমান্ডে আছে। আমাদের কাছে কারও রাজনৈতিক পরিচয় মুখ্য নয়।