সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি ইলিশ। মাছ দুটির মোট ওজন প্রায় সাড়ে ৩ কেজি। পরে ডালচর মৎস্যঘাটে নিলামে মাছ দুটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটের শরীফ ব্যাপারির মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে ফরহাদ হাওলাদারের আড়তের কর্মচারী মাছ দুটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে রফিক মাঝি জানান, রবিবার মেঘনায় মাছ ধরার সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির এই দুটি ইলিশ তার জালে ধরা পড়ে। বড় মাছ দুটি আলাদা করে তিনি মৎস্যঘাটের আড়তে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়।

মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দিন তালুকদার বলেন, মাছ দুটি বিক্রির সময় কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ফরহাদ হাওলাদারের আড়তের কর্মচারী সর্বোচ্চ দর দিয়ে মাছ দুটি কিনে নেন। মাছ দুটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সংকট রয়েছে। এ পরিস্থিতিতে বড় আকৃতির ইলিশ জেলের জালে ধরা পড়া স্বস্তির খবর। সামনে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত