জামালপুরের রশিদপুর এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মো. ছাত্তার আলী নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সোমবার (৩১ আগস্ট) দুপুরে আসামিদের উপস্থিতিতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা ভাতিপাড়ার বাসিন্দা মো. ছাত্তার আলী, একই এলাকার মো. আব্দুল মালেক ও মো. আনু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিপুর ইউনিয়নের ওই নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নারী বাদী হয়ে আসামিদের নামে জামালপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।