গ্রেড-২ সাইড স্ট্রেইনের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সফরে পাওয়া এই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে খেলা হয়নি ডানহাতি এই গতি তারকার। এখন সেরে ওঠার লড়াইয়ে নেমেছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে আজ থেকে ছোট রান-আপে বোলিং শুরু করেছেন। তবে তাকে মাঠে ফেরাতে তাড়াহুড়া করবে না টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল। এজন্য আসন্ন এশিয়ান গেমসে নাহিদ থাকবে না বলেই জানা গেছে।
ফিরতে পারেন এরপর আফগানিস্তান সিরিজ দিয়ে। তবে আগামী অক্টোবর মাসে হতে যাওয়া এই সিরিজের যেকোনো একটি সংস্করণে খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে একমাত্র টেস্টে না রেখে ওয়ানডে সিরিজে সুযোগ দিতে পারেন নির্বাচকরা। নাহিদের বর্তমান অবস্থা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, 'আমরা আশাবাদী (আফগানিস্তানের বিপক্ষে খেলা)। অবশ্যই আশাবাদী। ওটা মাথায় রেখে সেভাবে পরিকল্পনা করা হচ্ছে। তবে তাড়াহুড়ো করব না।'
নাহিদের পুরোপুরি সেরে উঠতে ৮ সপ্তাহ সময়ের প্রয়োজন। দেবাশিষ জানান, এই প্রক্রিয়ার মাঝপর্যায়ে আছেন এই ডানহাতি পেসার। প্রধান নির্বাচক হাবিবুল বাশারসহ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম এবং টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা অস্ট্রেলিয়া থেকে ফিরে নাহিদের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেছেন। সেখানে আগামী মাসের শেষ দিকে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে তাকে খেলানো হবে না বলেই নিশ্চিত করেন বাশার।