২৫ বছর কার্যকর থাকবে ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র জ্বালানি চুক্তি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা তেল চুক্তি ২৫ বছর কার্যকর থাকবে এবং এর মাধ্যমে ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন ১৫ লাখ ব্যারেলের বেশি বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। খবর আনাদোলু এজেন্সির। 

শনিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই চুক্তিকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেন।

তিনি বলেন, চুক্তিটি ২৫ বছর কার্যকর থাকবে। এর আওতায় ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন ১৫ লাখ ব্যারেলের বেশি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রদ্রিগেজ বলেন, 'আমাদের লক্ষ্য আরও এগিয়ে যাওয়া। শেভরন, রেপসল, এনির মতো বড় কোম্পানি এবং শেল ও বিপির মতো জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে আরও বড় চুক্তি করতে চাই। আমরা একটি জ্বালানি শক্তিতে পরিণত হতে চাই।'

তিনি আরও বলেন, 'বাস্তব অর্থে এর মানে হলো, উৎপাদিত ও বিক্রি হওয়া প্রতি ব্যারেল তেলের প্রায় ১৯ ডলার সরাসরি আমাদের দেশের কোষাগারে যাবে।' 

চুক্তিটি ভেনেজুয়েলার অর্থনীতিতে কী ধরনের অবদান রাখবে, সে বিষয়ে রদ্রিগেজ বলেন, প্রতি ব্যারেল তেলের দাম ৬৫ ডলার ধরে হিসাব করলে এই চুক্তি থেকে দেশটি প্রায় ২০ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ ডলার আয় করতে পারে।
 
রদ্রিগেজ জানান, চুক্তির আওতায় ভেনেজুয়েলার পূর্ব ও মধ্য-পূর্বাঞ্চলে বিস্তৃত অরিনোকো অয়েল বেল্টের আটটি অপরিশোধিত তেলক্ষেত্রের উন্নয়ন করা হবে। অঞ্চলটির আয়তন ৫৫ হাজার বর্গকিলোমিটারেরও বেশি।

তিনি বলেন, চুক্তিতে কমপক্ষে ১৬ শতাংশ রয়্যালটি এবং ৩৪ শতাংশ আয়কর দেওয়ার বিধান রাখা হয়েছে। এসব শর্ত ভেনেজুয়েলার অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

চুক্তিটি সম্পাদনে ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান রদ্রিগেজ। তিনি বলেন, 'দুই পক্ষই নিজেদের সবচেয়ে ভালো সক্ষমতা দিয়ে অবদান রেখেছে।'

তিনি জোর দিয়ে বলেন, 'এটি একেবারে স্পষ্ট থাকতে হবে যে, নিজেদের প্রাকৃতিক সম্পদের মালিকানা ও সার্বভৌমত্ব ভেনেজুয়েলার হাতেই থাকবে।'

রদ্রিগেজ আরও জানান, নিষেধাজ্ঞার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার তেল খাতকে পুনরুদ্ধারের গতি বাড়াতে যুক্তরাষ্ট্র মূলধন, প্রযুক্তি ও পরিচালন সক্ষমতা সরবরাহ করবে।

সরকার চুক্তির বিষয়ে ভেনেজুয়েলার জনগণের কাছে স্বচ্ছ থাকবে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগের পরিমাণ, কত তেল উৎপাদন হচ্ছে, রাষ্ট্র কত রাজস্ব পাচ্ছে এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কী কী শর্ত রয়েছে—এসব তথ্য জানার অধিকার জনগণের রয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প জানান, ভেনেজুয়েলার প্রমাণিত ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি তেল মজুদের ওপর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ওয়াশিংটন দেশটির সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'যুক্তরাষ্ট্র এইমাত্র ভেনেজুয়েলার সঙ্গে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তিতে প্রবেশ করেছে।' চুক্তিটি চূড়ান্ত করতে রদ্রিগেজের সঙ্গে কাজ করার জন্য রুবিও এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কৃতিত্ব দেন ট্রাম্প। 

সর্বশেষ সর্বাধিক পঠিত