অধরা-শিলাকে নিয়ে ‘ভায়োলেন্স’-এ জায়েদ খান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম

পর্দায় ফিরছেন চিত্রনায়ক জায়েদ খান। অভিনয় করছেন কানাডায় নির্মিত প্রথম বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভায়োলেন্স’-এ। সিনেমাটিতে তার সঙ্গে যোগ দিয়েছেন দুই চিত্রনায়িকা অধরা খান ও শিরীন শিলা। সম্প্রতি প্রকাশিত ছবির প্রথম অফিশিয়াল ফটোশুটেই নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রে একাধিক আন্তর্জাতিক প্রজেক্ট, উপস্থাপনা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে গত দুই ঈদেই প্রশংসিত হন জায়েদ। এর মধ্যে ‘শিকারি’ গানে আমেরিকান মডেলদের সঙ্গে তার রসায়ন ব্যাপক সাড়া ফেলে। এবার কানাডার মনোরম লোকেশনে প্রেম, রাজনীতি ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে জায়েদ খানের উপস্থিতি।

নতুন এই আন্তর্জাতিক সফর নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান জানান, দেশের বাইরে বাংলা চলচ্চিত্রের একটি ভিন্নধারার কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রবাসে থেকেও দর্শকদের মানসম্পন্ন অভিনয় উপহার দেওয়াই তার মূল লক্ষ্য।

কানাডায় বেড়ে ওঠা এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে অভিনয় করা অধরা খান বলেন, সত্যিই ভীষণ ভালো লাগছে যে আমরা কানাডায় বাংলা ভাষার সিনেমা করতে যাচ্ছি। এই উচ্ছ্বাস ভাষায় প্রকাশের নয়। এখন শুধু সব প্রস্তুতি ভালোভাবে শেষ হওয়ার অপেক্ষা।

অন্যদিকে, নিজের চরিত্রটিকে অভিনয় জীবনের অন্যতম সেরা মন্তব্য করে শিরীন শিলা বলেন, এখনো ঘোরের মধ্যে আছি, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই সিনেমায় আমার চরিত্রটির গুরুত্ব অনেক। আপাতত বিস্তারিত বলতে পারছি না, তবে সময় হলে সবাইকে বিস্তারিত জানাব।

কানাডার প্রযোজক সাবরিনা চৌধুরীর প্রযোজনায় এবং কামাল হোসেন বাবরের পরিচালনায় খুব শিগগিরই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত