জোর করে মাদ্রাসায় অতঃপর ‘ছাদ থেকে পড়ে’ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম

ছুটিতে বাড়ি আসার পর মাদ্রাসায় যেতে চাচ্ছিল না ১০ বছরের শিশু ইয়ামিন। কিন্তু পরিবারের সদস্যরা তাকে জোর করে মাদ্রাসায় রেখে আসে। এর কিছুক্ষণ পরই খবর আসে ওই মাদ্রাসার ছাদ থেকে পড়ে মারা গেছে সে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর পশ্চিম জুরাইনের ‘তাসফিলুল কোরআন’ হেফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার অধ্যক্ষ ফেরদৌস আহমেদ জানান, শিশুটি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে সে কীভাবে ছাদ থেকে নিচে পড়ে যায়, সে বিষয়ে কিছু জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।

ইয়ামিন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে কদমতলী মোহাম্মদবাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে।

অধ্যক্ষ ফেরদৌস আহমেদ বলেন, ‘গত বুধবার মাদ্রাসা ছুটির পর সে (ইয়ামিন) বাসায় যায়। পরের দিন মাদ্রাসায় আসতে না চাওয়ায় তার বাবা ফোন করে বলেন, তাকে বাসা থেকে বুঝিয়ে মাদ্রাসায় নিয়ে যেতে। আমি আনতে যাইনি। সর্বশেষ রবিবার রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানি তাকে মাদ্রাসায় দিয়ে যান। এর কিছুক্ষণ পর সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায়। এরপর খবর পাই, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্ত শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত