কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা, বিদেশি মদসহ মাদক পাচারে ব্যবহৃত দুইটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মো. মোস্তফা নামের এক মাদক কারবারিকে আটক করেছে তারা। বুধবার (২ সেপ্টেম্বর) প্রেস বিফ্রিংয়ে এই তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ড।
আটক মোহাম্মদ মোস্তফা (২৩) উখিয়া উপজেলার পালংখালী এলাকার আবদুল হাকিমের ছেলে।
প্রেস বিফ্রিংয়ে টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার আরাফাত হোসেন জানান, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত জালিয়া দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর দ্বীপ।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়া দ্বীপ সংলগ্ন প্যাবন এবং জালিয়া পাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি বোট রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অত্যন্ত অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের বোট দুটিও জব্দ করে হেফাজতে নেওয়া হয়।
এদিকে, একই রাতে অপর এক অভিযানে উখিয়ার পালংখালী এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের আরেকটি বিশেষ দল তল্লাশি চালায়। রাত আনুমানিক ১০টার দিকের এই অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত মাদক, নৌকা ও আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে প্রেস বিফ্রিংয়ে জানানো হয়েছে।