রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ এএম

বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে পৃথক তিনটি চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে এ বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকের এমডি-সিইওর সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ-সম্মতি জ্ঞাপন করা হলো।

চিঠিতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে হবে।

এর মধ্যে বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। একই দিনে অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়েও সরকারের সম্মতি জানানো হয়।

অন্যদিকে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. জসীম উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্যও সরকারের সুপারিশ/সম্মতি দেওয়া হয়েছে।   চিঠিগুলো সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

সরকারের বাতিলের সম্মতির পর এখন সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে ব্যাংক কোম্পানি আইন ও এমডিদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

একই দিনে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীর চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের এ সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত