কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলজুড়ে প্রাণঘাতী ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে; শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১৮৬ জনে পৌঁছেছে। গতকাল বুধবার এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। ইবোলার ‘বুন্দিবুগিও’ ধরনের জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভসহ (আইএভিআই) বেশ কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে এর টিকা উদ্ভাবনের কাজ চালিয়ে যাচ্ছে।

কঙ্গো কর্র্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং দাতব্য সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও ভয়াবহ এই রোগ ইতিমধ্যে দেশটির ৬টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কঙ্গোতে ইবোলায় প্রায় ৬০ শতাংশ মৃত্যুই চিকিৎসা কেন্দ্রের বাইরে ঘটছে; যা রোগীরা মারা যাওয়ার আগে আক্রান্তদের সঠিকভাবে শনাক্ত করার কঠিন চ্যালেঞ্জকে সামনে আনছে। এবারের প্রাদুর্ভাব ২০১৮-২০২০ সালকে ছাপিয়ে কঙ্গোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মহামারীতে পরিণত হয়েছে। এর আগে ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া মহামারীতে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনজুড়ে ২৮ হাজার ৬০০ জনের বেশি আক্রান্ত এবং মারা যান ১১ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত