কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে এক স্কুলছাত্রীকে (১৩) জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আঃ বারেক (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় একটি মামলা করেন। বারেক উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় এক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বিবাদী বারেক তাদের প্রতিবেশী। গত ২৪ আগস্ট রাতে বিবাদীর স্ত্রীর অনুরোধে ভুক্তভোগী কিশোরী তাদের বাড়ির পশ্চিম পাশের রুমে বিবাদীর পুত্রবধূর সাথে ঘুমাতে যায়। রাতে পুত্রবধূ টয়লেটে গেলে সেই সুযোগে আঃ বারেক রুমে ঢুকে কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী কৌশলে পালিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং বিষয়টি তার পরিবারকে জানায়।

পরবর্তীতে ভুক্তভোগীর মা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

দৌলতপুর থানা‌ অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামকে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত