কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক সরঞ্জামের গুদাম ও যুদ্ধবিমানের হ্যাঙ্গারে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। খবর বিবিসি বাংলার। 

ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলায় মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করা হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

ইরানের দাবি, হামলায় মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ওই ঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের একটি আবাসস্থল ও রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

তবে ইরানের দাবি করা হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কুয়েত বা মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত