স্পেনে কাছে অভিবাসীবাহী নৌকায় ৫ মরদেহ উদ্ধার, আরও প্রাণহানির আশঙ্কা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে উদ্ধার করা একটি অভিবাসীবাহী নৌকা থেকে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার দেশটির সমুদ্র উদ্ধার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে একটি অভিবাসী অধিকার সংগঠন জানিয়েছে, নৌকাটির জীবিত যাত্রীরা দাবি করেছেন, সমুদ্রযাত্রার সময় আরও কয়েক ডজন মানুষ মারা গেছেন। খবর রয়টার্সের। 

নৌকাটি থেকে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও ৪১ জন বৃহস্পতিবার ভোরে গ্রান কানারিয়ার আরগুইনেগিন বন্দরে নামেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্পেনের মেরিটাইম রেসকিউ কর্তৃপক্ষ।

অভিবাসী অধিকার সংগঠন ওয়াকিং বর্ডার্সের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জীবিতরা বলেছেন, যাত্রাপথে ৮৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশুও ছিল বলে তারা জানিয়েছেন। নৌকাটি ২৭ দিন আগে গাম্বিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

তবে এই মৃত্যুর সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। মেরিটাইম রেসকিউ জানিয়েছে, উদ্ধারকারীরা নৌকাটিতে পৌঁছানোর সময় তারা নিশ্চিতভাবে পাঁচটি মরদেহ দেখতে পেয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো বলেছেন, এই মর্মান্তিক ঘটনা অভিবাসন নিয়ে স্পেন সরকারের একটি সুস্পষ্ট রাষ্ট্রীয় নীতির প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে। জুলাইয়ে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ঢলকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনাও তিনি উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্লাভিহো বলেন, 'মানুষের প্রাণহানি অব্যাহত থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আটলান্টিক মহাসাগর যে একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের মানুষ এ বিষয়টিকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারে না।'

 

সর্বশেষ সর্বাধিক পঠিত