দেশে একটি বিশেষায়িত ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: রিজভী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশ ও সমাজ পিছিয়ে পড়বে। আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী; তাই ক্রীড়া ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়িয়ে সমতা আনতে হবে।

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হয়েছে আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা। রাজধানী ঢাকায় আয়োজিত এই প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, দেশে শিগগিরই একটি বিশেষায়িত ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ পরিকল্পনার কথা উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশ ও সমাজ পিছিয়ে পড়বে। আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী; তাই ক্রীড়া ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়িয়ে সমতা আনতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে মেয়েরা সফল হলে পুরো জাতির মাথা উঁচু হয় এবং তা অন্যান্য ক্ষেত্রের নারীদেরও অনুপ্রাণিত করে। সব মহানগর ও জেলায় কিশোরীদের জন্য নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বলেন, উগ্র রক্ষণশীলতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়িয়ে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে মেয়েদের খেলাধুলার কোনো বিকল্প নেই। ঢাকা-২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো আয়োজিত এই আন্তঃবিভাগীয় প্রতিযোগিতার মাধ্যমে কিশোরী ফুটবলারদের সামনে আন্তর্জাতিক ফুটবলের নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে বলে উদ্যোক্তারা জানান। আটটি বিভাগের ১৬টি জেলার প্রায় ৩০০ কিশোরী ফুটবলার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী জেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সাতক্ষীরা, খুলনা, জয়পুরহাট, রাজশাহী, মৌলভীবাজার, সিলেট, পিরোজপুর ও রংপুর।

সর্বশেষ সর্বাধিক পঠিত