ফ্যাশন ডিজাইনিং বা উদীয়মান উদ্যোক্তা হওয়ার পথটি সবার জন্য এক রকম হয় না। কারও জন্য তা শুরু হয় বিশাল মূলধন নিয়ে, আবার কারও যাত্রা শুরু হয় প্রতিকূলতাকে জয় করে সৃজনশীলতার হাত ধরে। ‘থ্রেডোরা’র স্বত্বাধিকারী তাহমিনা হায়দারের গল্পটি ঠিক তেমনই এক অদম্য মানসিকতা এবং পুরনোকে নতুন রূপ দেওয়ার গল্পের প্রতীক।
উদ্যোক্তা হওয়ার শুরুর গল্পটা সহজ ছিল না তাহমিনার। প্লাস সাইজ নারীদের জন্য পোশাক তৈরির ইচ্ছা নিয়ে মূলধন খাটিয়ে একটি ফ্যাক্টরিতে কাপড় সরবরাহ করেছিলেন। কিন্তু প্রতারণার শিকার হয়ে প্রায় শতভাগ অর্থ ও কাপড় হারিয়ে বড় ধরনের মানসিক ধাক্কা খান তিনি। তবে সেই ব্যর্থতায় থেমে যাননি। পরিবারের পূর্ণ সমর্থনে কোনো প্রকার নতুন বিনিয়োগ ছাড়াই বিকল্প উপায়ে ব্যবসায় নামার বুদ্ধি খুঁজে নেন। বোনের ওড়না ও শাড়ি দিয়ে ঈদের আধুনিক পোশাক বানিয়ে শুরু হয় তার নতুন পথচলা। পরিবার ও আত্মীয়দের পুরনো শাড়ি পুনর্ব্যবহার উপযোগী করে পোশাক বানানোর এই সৃজনশীল আইডিয়াই পরবর্তী সময় রূপ নেয় ‘থ্রেডোরা’ উদ্যোগে।
বর্তমানে অনেক নারী শাড়ি পরতে অভ্যস্ত না হলেও নানি, দাদি বা মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখতে চান। তাহমিনা তাদের সেই আবেগকে প্রাধান্য দিয়ে পুরনো শাড়ি দিয়ে ট্রেন্ডি ড্রেস, গাউন বা তরুণদের পছন্দের কুর্তি তৈরি করছেন। দেশে যেখানে ঐতিহ্যবাহী শাড়ির কদর সবসময়ই বেশি, সেখানে শাড়ি কেটে নতুন আঙ্গিকে পড়ার এই ট্রেন্ড তরুণ প্রজন্মের কাছে শাড়িকে নতুনভাবে আপন করে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। তাহমিনার এই উদ্যোগ এক পিসের এক্সক্লুসিভ পোশাক হিসেবে ক্রেতাদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে।
সামাজিক কটু কথা বা নিকটাত্মীয়দের ইতস্তত ভাব সত্ত্বেও বাবা, স্বামী ও শ্বশুরবাড়ির অকুণ্ঠ সমর্থনে সামনে এগিয়ে যাচ্ছেন তাহমিনা। কোনো নির্দিষ্ট কারখানার বদলে বেশ কয়েকজন দক্ষ দর্জি বা কারিগরের দল নিয়ে কাজ পরিচালনা করেন তিনি।
স্থায়িত্বশীল ফ্যাশন বা রিসাইক্লিংয়ের এই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে তিনি এখন কাজ করছেন ফেলনা ডেনিম নিয়ে। বাংলাদেশে উৎপাদিত ডেনিমের যেসব কাপড় ছোটখাটো ত্রুটির কারণে রিজেক্ট হয়, সেগুলোকে পশ্চিমা ধাঁচের চেক প্রিন্ট বা লেসের ফিউশনে কাস্টমাইজ করার পরিকল্পনা করছেন তিনি। পুরনো স্মৃতিকে নতুন পোশাকে মুড়ে দেওয়া আর অপচয় হওয়া কাপড়কে ট্রেন্ডি ফ্যাশনে রূপান্তর করার এই প্রয়াস তাহমিনা হায়দারকে ফ্যাশন জগতে এক অনন্য পরিচয়ে প্রতিষ্ঠিত করছে।