এনএসসির অদ্ভুত আদেশে অভিভাবকহীন স্কোয়াশ!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ এএম

নতুন অ্যাডহক কমিটি গঠন না করে দিয়েই বর্তমান কমিটিকে স্থগিত করে দেওয়া হয়েছে। আর এতেই অভিভাবকহীন হয়ে পড়েছে দেশের সম্ভাবনাময় খেলা স্কোয়াশ। আগে ২৭টি ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু নতুন অ্যাডহক কমিটি দেওয়ার আগে কোনো ক্রীড়া ফেডারেশনকেই কমিটি স্থগিতকরণ নোটিস দেওয়া হয়নি, যা দেখা গেল স্কোয়াশ ফেডারেশনের ক্ষেত্রে। ১৯ আগস্ট ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (ইডি) মো. দৌলতুজ্জামান খানের সই করা প্রজ্ঞাপনে (স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০০.০০৪.৫৫.০০০১.২৪.৯৬৪) এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গঠনতন্ত্র মোতাবেক অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন আইন ২০২৬ সহ)-এর ২১ ধারা মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ধারা: ২ (৪) ও ২ (৮) এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন বিদ্যমান কমিটি স্থগিত করা হলো। ক্রীড়া পরিষদের এমন অদ্ভুত আদেশে এখন অভিভাবকহীন স্কোয়াশ। যদিও বছরজুড়েই দুর্দান্ত সব ঘরোয়া আসর ও আন্তর্জাতিক আসরের আয়োজন করে আসছে সাধারণ সম্পাদক ব্রি. জেনারেল (অব.) জিএম কামরুল ইসলামের নেতৃত্বাধীন এই অ্যাডহক কমিটি। সর্বশেষ স্থগিতকরণ আদেশের পরও গত মাসের শেষ দিকে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জাঁকজমকপূর্ণভাবে পূর্বনির্ধারিত বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের আয়োজন করে এই কমিটি। তার পরও এমন অদ্ভুত আদেশে এখন থমকে গেছে এই খেলাটি।

‘ফেডারেশন’ হলো সেপাকটাকরো

ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের আউটার স্টেডিয়ামের দক্ষিণ-পূর্ণ কোণে ছিল ময়লার ভাগাড়। শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামের পূর্ব দিকের এই ভাগাড়টি এখন সেপাকটাকরোর জাতীয় স্টেডিয়াম। পাকা ভূমি আর চারদিকে নেট দিয়ে সুন্দর একটি স্টেডিয়াম করা হয়েছে, যা ছিল অনেকের কাছেই অকল্পনীয়। ঘরোয়া আসরের পাশাপাশি নিয়মিত আন্তর্জাতিক আসরেও অংশ নিয়ে থাকে দেশের সম্ভাবনাময় এই খেলাটি। যার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সেপাকটাকরো অ্যাসোসিয়েশনকে ফেডারেশনে অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। শুধু স্বীকৃতি দিয়েই শেষ করেনি ক্রীড়া পরিষদ, এই খেলাটি সুন্দরভাবে পরিচালনার জন্য মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রুমও বরাদ্দ দিয়েছে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারু ঢালী বলেন, ‘আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ক্রীড়া পরিষদ স্টেডিয়াম তৈরি করার জায়গা ও আলাদা রুম বরাদ্দ দিয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত