ফুটবল মাঠের সোনালী অধ্যায় পেছনে ফেলে ব্যবসায়িক ও ই-স্পোর্টস দুনিয়ায় নতুন পরিচয় গড়ে তুলেছিলেন সার্জিও আগুয়েরো। কিন্তু হঠাৎ করেই এক আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তের নথিতে নাম চলে এসেছে সাবেক এই আর্জেন্টাইন তারকার।
তবে আদালতের চলমান তদন্তে তাকে সরাসরি অভিযুক্ত করা না হলেও, আন্তর্জাতিক এক সিন্ডিকেটের ব্যবসায়িক কারসাজিতে তার বিশ্বজোড়া খ্যাতিকে কীভাবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল, তা নিয়ে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
আর্জেন্টাইন ফেডারেল আদালতের বিচারক পাবলো ইয়াদারোলার নজরদারিতে চলা এই বিশাল তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পাবলো ‘বেবোতে’ আলভারেজ নামের এক কুখ্যাত অপরাধীর নেতৃত্বাধীন চক্র। বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত এই চক্রটি অবৈধ অর্থ পাচারের জন্য বিভিন্ন বাণিজ্যিক ফ্রন্ট কোম্পানির জাল বিস্তার করেছিল।
তদন্তকারীদের হাতে আসা এনক্রিপ্ট করা চ্যাট লগ, অডিও ফাইল ও নথিপত্র থেকে জানা যায়, অপরাধী চক্রটি আগুয়েরোর প্রতিষ্ঠিত জনপ্রিয় ই-স্পোর্টস অর্গানাইজেশন ‘ক্রু ই-স্পোর্টস’-এর আদলে ‘ক্রু টিকিটস’ নামের একটি টিকিট প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করেছিল। মূলত আগুয়েরোর গ্লোবাল ব্র্যান্ড ইমেজ এবং সুনামকে পুঁজি করেই তাদের অবৈধ কারবারকে বৈধতা দেওয়ার ফন্দি এঁটেছিল কার্টেলটি।
আদালতের নথিপথ ও ওয়্যারট্যাপ অনুযায়ী, চলতি বছরের এপ্রিলের দিকে চক্রের মূল ব্যক্তিরা আগুয়েরোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে লজিস্টিকস চূড়ান্ত করার চেষ্টা চালান। এমনকি সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ হাজার ইউরো সংগ্রহের মাধ্যমে প্রাথমিক মূলধনের ব্যবস্থা করার পরিকল্পনাও করেছিল তারা, যাতে আগুয়েরোকে কোনো অর্থ বিনিয়োগ করতে না হয়।
তবে এই ঘটনায় আগুয়েরোর আইনি দল দ্রুত প্রশাসনিক বিবৃতি দিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে কিছু বাণিজ্যিক প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সাধারণ ব্যাকগ্রাউন্ড চেক বা যাচাই-বাছাইয়ের পরেই সেই প্রস্তাবগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়।
আগুয়েরোর আইনি দলটি জোরালোভাবে এই বিষয়টিও নিশ্চিত করেছে যে, প্রস্তাব পাওয়ার পরপরই সমস্ত যোগাযোগ চিরতরে ছিন্ন করা হয়েছিল এবং সন্দেহভাজন ওই চক্রের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক অংশীদারিত্ব বা আনুষ্ঠানিক চুক্তি কখনোই বাস্তবায়িত হয়নি।
ইসাকের জোড়ায় মৌসুমের প্রথম জয় লিভারপুলের