নেপালে টানেল থেকে ১০ দিন পর চীনা নাগরিক জীবিত উদ্ধার

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও নেপাল) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি প্রকাশের মাধ্যমে এই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

ভয়াবহ পাহাড়ি বন্যার ১০ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নেপালের ত্রিশূলী-১ (২১৬ মেগাওয়াট) প্রকল্পের অডিট-৪ টানেল থেকে তাকে উদ্ধার করা হয়।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও নেপাল) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি প্রকাশের মাধ্যমে এই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

 

নেপালের সেনাবাহিনী ও দক্ষিণ কোরিয়ার একটি দুর্যোগ বিশেষজ্ঞ দল যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে নুয়াকোটের ত্রিশূলীতে অবস্থিত মৈথিল ব্যারাকে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী নদী করিডরে অবস্থিত ত্রিশূলী-৩ এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, পাহাড়ি বন্যা ও  ঢলের ৯ দিন পর যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জনকে ওই টানেল থেকে উদ্ধার করা হয়। টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়ে নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী অভিযান জোরদার করে তাদের বের করে আনে।

গত ২৬ আগস্ট থেকে উদ্ধারকাজের সঙ্গে যুক্ত রয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নিউপানে। তিনি জানান, উদ্ধারকারী দল টানেলের ভেতর থেকে আটকে পড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। ভেতর থেকে সাড়া পাওয়ার পরই নিশ্চিত হওয়া যায় যে সেখানে একাধিক ব্যক্তি বেঁচে আছেন। টানেলে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গত ২৬ আগস্টের ভয়াবহ পাহাড়ি ঢলে ত্রিশূলী নদী উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ প্রাকৃতিক দুর্যোগে ১ হাজার ২৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঢলের তোড়ে জলবিদ্যুৎ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কঠিন এ পরিস্থিতির মধ্যেই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে অনুসন্ধানকারী দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত