মাদক ঠেকাতে পুলিশের জনসচেতনতামূলক সমাবেশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে ভোলা জেলা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, কাজী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, ইউপি সদস্য, ইউনিয়ন সচিব, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, পরিবার থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে। সমাজের সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে দলেরই হোক মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও জেলা পুলিশ কাজ করছে।

পুলিশ সুপার আরও বলেন, ভোলার ১০ থানার আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষায় তিনি সব নাগরিককে পুলিশের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাদক অনেক অপরাধের অন্যতম উৎস। মাদকের সঙ্গে জড়িত গডফাদার, সরবরাহকারী, বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. এমদাদুল হক। স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন, প্রভাষক জিয়া উদ্দিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।

সমাবেশে বক্তারা শিবপুর ইউনিয়নকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে গত বৃহস্পতিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা আয়োজন করে জেলা পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত