খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তার নামে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, ধারদেনা করে নির্মাণ করা বাড়ি ভাড়া দেওয়ার পর ভাড়াটে সেটি দখল করে নিয়েছেন। এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
বিষয়টি জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী। কারণ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি তার বর্তমান জীবনের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। বরং ঘটনাটি প্রায় দুই যুগ আগের। দিলারা জামান বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’
তাহলে কি দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা একেবারেই ঘটেনি? অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনা ঘটেছিল ঠিকই, তবে সেটি আজকের নয়, প্রায় ২২ থেকে ২৩ বছর আগের। তিনি জানান, ২০০৩-২০০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলী এলাকায় থাকতেন। সেখানে ছিল তার পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন তিনি।
একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে। এরপর সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি। তবে বর্তমানে শ্যামলীর সেই বাড়িটি তার মালিকানায় নেই। পরবর্তী সময়ে বাড়িটি বিক্রি করে দেন তিনি। এ প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২-২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তারপর থেকে এখানেই থাকছি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত: দিলারা জামান
ভক্তদের সতর্ক করলেন দিলারা জামান
স্বপ্নটা আজও দেখেন দিলারা জামান