নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা ধরা পড়লেও মুখে কাপড় পেঁচিয়ে রাখায় অভিযুক্তদের চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, ভোরে মসজিদের পাশের বাড়ির বাসিন্দা মাসিদুল ব্রাশ করে মুখ ধৈাত করতে মসজিদে আসলে এবং একই সময় এক নারী দানবাক্সে ১০০ টাকা দিতে গিয়ে তার উভয়েই প্রথম তালা ভাঙা দেখতে পান। পরে তারা বিষয়টি মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিনকে জানান। তিনি এসে মসজিদের সিসিটিভি ফুটেজে দেখতে পান, দুই ব্যক্তি মাথায় কাপড় জড়িয়ে মাত্র ৭-৮ মিনিটের মধ্যে দানবাক্সের তালা ভেঙে ব্যাগভর্তি করে টাকা নিয়ে চলে যায়।
মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন বলেন, তিনি পাশের মাদ্রাসায় শ্রমিক নিয়ে কাজ করাচ্ছিলনে। ফোন পেয়ে এসে দেখেন দানবাক্সের তালা ভাঙা এবং ভেতরের সব টাকা চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।
ঘোষণার পর স্থানীয় লোকজন ও কমিটির সদস্যদের নিয়ে সিসিটিভি ফুটেজ দেখা হয়। পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে ফুটেজ সংগ্রহ করেন।
তিনি আরও জানান, প্রায় দেড় বছর আগে দানবাক্সটি স্থাপন করা হয়। এর তিন মাস পর একবার দানবাক্স খুলে প্রায় ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এরপর আর দানবাক্স খোলা হয়নি। চোরদের শনাক্তে দেশবাসী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, কেউ তথ্য দিয়ে চোর শনাক্ত করতে সহায়তা করলে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান দুলাল বলেন, মসজিদে বিভিন্ন দান-অনুদান আসে। প্রতি শুক্রবার মুসল্লিরাও দান করেন। সব অর্থ দানবাক্সে জমা রাখা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই ব্যক্তি দানবাক্সের কাছে এসে তালা ভাঙে এবং ভোর ৪টা ৫ মিনিটে বস্তাভর্তি টাকা নিয়ে চলে যায়। মুখে কাপড় থাকায় তাদের চেহারা শনাক্ত করা যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।