যুদ্ধ থামানোর আভাস ট্রাম্পের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ইউক্রেন যুদ্ধ অবসানের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই মেয়াদে ১৭ মাস পার করে দিলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যত কোনো অগ্রগতি হয়নি। ওয়াশিংটনের মধ্যস্থতায় উভয়পক্ষ শান্তি আলোচনা বসলেও, সেখানে ইতিবাচক মূল্যায়ন খুব কমই দেখা গেছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবার সে সম্ভাবনার পালে জোরালো হাওয়া দিয়েছেন ট্রাম্প। সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। গত শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা সংঘাত অবসানের একটি প্রস্তাব নিয়ে যাচ্ছেন। পরিকল্পনাটিতে ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা আছে কি না, সে সম্পর্কে ট্রাম্প কিছু বলেননি। তিনি শুধু বলেন, ‘শান্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের ময়দানে রূপ নিয়েছে ইউক্রেন। রুশ ও ইউক্রেনীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার ট্রাম্পের দূতরা মস্কো সফর করে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আজ রবিবার তিনি উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের এই দূতরা রুশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও কিয়েভ সফর করেননি। এবার মস্কোর পর কিয়েভ সফর তাদের ইউক্রেনীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ তৈরি করেছে। ট্রাম্প বলেন, ‘ওরা দুজনই দারুণ দক্ষ আলোচক। তারা খুব ভালো কাজ করেছেন। আমরা তাদের পাঠিয়েছি, কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না, তা দেখতে। আর আমাদের তা করতে পারার ভালো সম্ভাবনাও রয়েছে।’

ট্রাম্পের দূতদের সফরের আবহের মধ্যেই ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউর প্রধান কার্যালয়ে হামলা চালায় একটি রুশ ড্রোন। কর্র্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় ১২ জন আহত হয়েছেন। জেলেনস্কি বলেছেন, ওই ভবনে থাকা এসবিইউপ্রধান ওলেকসান্দ্র পোকলাদের কার্যালয় লক্ষ্য করেই সরাসরি ড্রোনটি ছোড়া হয়েছিল। তবে এসবিইউ পরে জানিয়েছে, পোকলাদ নিরাপদে আছেন এবং হামলায় তিনি আহত হননি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার অঙ্গীকার করেছেন জেলেনস্কি। কিয়েভ শহরে টানা আট দিন ধরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। শহরের কেন্দ্রস্থলের একাধিক ভবনের পাশাপাশি শহরতলির গুদাম ও কারখানাগুলোতেও হামলা হয়েছে। গত মাসে শুরু হওয়া প্রায় বিরতিহীন এসব হামলায় কিয়েভ শহর ও এর আশপাশের অঞ্চলে কমপক্ষে ৫৩ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কামিয়ানস্কেতে রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দিনিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মস্কো অবস্থানকালে রাশিয়ার আকাশসীমায় কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি। তাদের কিয়েভ সফরের সময় ইউক্রেনের আকাশসীমার ক্ষেত্রেও মস্কোর কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা দাবি জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রতিনিধিদের সফর নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আগাম কোনো ঘোষণা দিতে অসম্মতি জানিয়ে বলেন, ‘যখন এসব বৈঠক বা যোগাযোগ অনুষ্ঠিত হবে, তখন আমরা আনুষ্ঠানিকভাবে তা জানাব।’

এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার দূরপ্রাচ্যে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় পুতিন বলেন, ‘শেষ পর্যন্ত সংঘাতের সঙ্গে জড়িত দেশ দুটিকেই অর্থাৎ রাশিয়া ও ইউক্রেনকে এ সংকটের সুরাহা করতে হবে। যারা এ সমঝোতায় অবদান রাখার চেষ্টা করছেন, আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এখানে কি কোনো সম্ভাবনা আছে? আমার মতে, হ্যাঁ, আছে।’ তবে ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবিসহ সর্বোচ্চ মাত্রার দাবিগুলো থেকে সরে আসার কোনো ইঙ্গিত পুতিন দেননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত