পাপারাজ্জির কান্ডে ক্ষুব্ধ সালমান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

‘বিগ বস’-এর ২০তম মৌসুমে উপস্থাপক হিসেবে ফিরছেন বলিউড সুপারস্টার সালমান খান। নতুন কিস্তি শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে মুম্বাইয়ের সেটে ঘটে গেল এক বিব্রতকর ঘটনা। প্রিমিয়ার পর্বের শুটিং চলাকালে পাপারাজ্জিদের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দেন এই অভিনেতা।

শুক্রবার প্রিমিয়ার পর্বের ধারণকাজে কাউবয় হ্যাট ও বিশেষ পোশাকে উপস্থিত হন ষাটোর্ধ্ব এই তারকা। সেখানে তাকে ফ্রেমবন্দি করতে ছবিশিকারিদের মধ্যে তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। চিত্রগ্রাহকদের হইচইয়ের মধ্যে একজন সালমানকে উদ্দেশ্য করে ‘বাবা’ বলে ডেকে ওঠেন। তাতেই তীব্র বিরক্তি প্রকাশ করেন ভাইজান।

মেজাজ হারিয়ে অভিনেতা মন্তব্য করেন, কাজের বাইরে তাকে এভাবে ডাকার দরকার নেই এবং ক্যামেরার সামনে আসারও প্রয়োজন নেই। সালমানের আকস্মিক ধমকে মুহূর্তেই শুটিং সেটে নীরবতা নেমে আসে। নেটদুনিয়ায় এই ঘটনার ভিডিও এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত