হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্র আশিকুল ইসলাম জনিকে বিষ পান করিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় এক আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গতকাল শনিবার সন্ধ্যায় র্যাব ৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মাহবুব আলম মাহী নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে। তিনি মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নীয়া নূরানী মাদ্রাসার শিক্ষক।
র্যাব জানায়, গত শুক্রবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার ২ নম্বর মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর পলাতক আসামি মাহবুব আলম মাহীকে গ্রেপ্তার করা হয়।