ঢাকার ধামরাইয়ে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাসে হতদরিদ্র নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা জেলা মহিলা দল। তিনি নিজেকে নির্দোষ দাবি করে লিখিত জবাব দিয়েছেন। অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হলেও এক মাস পেরিয়ে গেলেও এখনো প্রতিবেদন প্রকাশ হয়নি। এতে তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
গত ১৩ আগস্ট ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার আশ্বাসে শতাধিক নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ফরিদা ইয়াসমিনকে নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, কয়েকটি এলাকায় জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহের পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠার পর কয়েকজনের টাকা ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, দলের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগের তদন্তের অগ্রগতি জানতে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি।
উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, ‘লোক দেখানোর জন্য এই কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। জেলা কমিটি প্রকৃত ঘটনা তদন্ত করেও সামনে আনছে না। বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’ তবে অভিযোগ অস্বীকার করে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা বলেন, ‘ফ্যামিলি কার্ডের টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা। একটি পক্ষ ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’