বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালিত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী তার জন্মস্থান নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআনখানি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ।

গতকাল শনিবার সকালে নূর মোহাম্মদ নগরে পবিত্র কোরআনখানির মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় নূর মোহাম্মদ নগর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এ সময় নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শেষে পুলিশের একটি চৌকস বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘর ও পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত