রাজধানীর সবুজবাগে বান্ধবীর বাসায় সিফাতুল্লাহ (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সবুজবাগের আদর্শপাড়া বড়ইতলা ব্রিজসংলগ্ন গার্মেন্টস গলির একটি বাড়ির নিচে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সিফাতুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
সিফাতুল্লাহকে হাসপাতালে নিয়ে আসা নাজিফা শেখ নেহা নামে এক তরুণী জানান, তিনি বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী। সিফাতুল্লাহ তার বন্ধু। তাদের বিয়ে করার কথা ছিল। রবিবার সিফাতুল্লাহ পঞ্চম তলায় তার সাবলেট বাসায় যান। এরপর জয় নামে স্থানীয় এক যুবক ওই বাসায় যান। নেহা জয়কে বড় ভাই বলে ডাকতেন। জয় বাসায় যাওয়ার পর তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সিফাতুল্লাহকে নিচে নামিয়ে নেওয়া হয়। পরে জয় ও তার সঙ্গে থাকা ৫–৬ জন মিলে সিফাতুল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। তখন নেহা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।
বাসাটির নারী ভাড়াটিয়া হাছনা জানান, তিনি একাই একটি কক্ষে ভাড়া থাকেন। পাশের কক্ষটি নেহা নামে ওই তরুণীর কাছে সাবলেট দিয়েছেন। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ফোনে তিনি এ ঘটনা জানতে পারেন। পরে মুগদা হাসপাতালে গিয়ে সিফাতুল্লাহকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
হাছনা জানান, নেহা নামে ওই তরুণী গত ১ জুলাই সাজিদ নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে পঞ্চম তলায় একটি কক্ষ ভাড়া নেন। পরে জানতে পারেন, তারা স্বামী-স্ত্রী নন; তারা প্রেমের সম্পর্কে ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর থেকে সিফাতুল্লাহ নেহার বাসায় আসা-যাওয়া করতেন। তাদের মধ্যে কী সম্পর্ক ছিল, তা তিনি জানেন না।
সিফাতুল্লাহর বাবার নাম জয়নাল আবেদিন। তাদের বাসা যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায়। তিনি ব্যবসা করতেন। কিছুদিন আগে কাতার থেকে দেশে এসেছিলেন।
এ ঘটনায় জয়ের সহযোগী আহত রাব্বির দাবি, ওই বাসায় অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে তারা সেখানে গেলে সিফাতুল্লাহ প্রথমে তাদের ওপর চড়াও হন এবং ছুরিকাঘাত করেন। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সিফাতুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সবুজবাগ থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় ইয়াসিন ও রাব্বি নামে দুজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।