মার্কিন ডিভি লটারির অযোগ্যর তালিকায় বাংলাদেশও

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশসহ ১৯ দেশের নাগরিকেরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

ডিভি বা গ্রিন কার্ড লটারির নিয়মে অভিবাসীদের সংখ্যার নির্দিষ্ট সীমা রয়েছে। গত পাঁচ বছরে যেসব দেশ থেকে ৫০ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন, সেসব দেশের নাগরিকেরা এই লটারিতে আবেদনের যোগ্যতা হারান।

মার্কিন সরকারের ভৌগোলিক বৈচিত্র্য নীতির অংশ হিসেবে ২০২৬ সালের ডিভি প্রোগ্রামে বাংলাদেশসহ ১৯ দেশের নাগরিকদের অংশগ্রহণের সুযোগ বন্ধ রাখা হয়েছে। তালিকায় থাকা বাকি দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, চীন (হংকং এসএআরসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা এবং ভিয়েতনাম।

২০২৪ সালের ডিভিতে বিজয়ী, তাঁদের জীবনসঙ্গী ও নির্ভরশীল ব্যক্তিসহ ১ লাখ ২৯ হাজার ৫১৬ জনকে নির্বাচিত করেছিল যুক্তরাষ্ট্র। তবে ২০২৬-এ এই সংখ্যা ৫১ হাজার ৮৫০-তে নামিয়ে আনা হয়েছে।

ডিভি লটারির জন্য প্রতি বছর লক্ষ লক্ষ আবেদনকারী ইলেকট্রনিক এন্ট্রি ফর্মের মাধ্যমে নিবন্ধন করেন। ‘র‌্যান্ডমাইজড কম্পিউটার ড্রয়িংয়ে’ নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে নির্বাচন করা হয়। নির্বাচিতরা ভিসার আবেদন করতে পারেন, অথবা যদি তারা যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকেন তাহলে স্ট্যাটাস অ্যাডজাস্টের আবেদন করতে পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত