চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি সামাজিক কবরস্থানের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর বন্দর তালতল এলাকার সামাজিক কবরস্থানের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহত দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার (৩৫) কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার স্থানীয় বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে।
নিহতের স্ত্রী শামীমা আক্তার জানান, কেইপিজেডে চাকরি করার সুবাদে তারা দুই বছর ধরে বন্দর আজাদ কলোনির একটি ভাড়া বাসায় থাকেন। তার স্বামী দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার নিয়মিত বাসায় আসত না। তিনি মাদকাসক্ত ও চুরি ডাকাতিতে জড়িত হয়ে পড়ায় কেউ হয়ত তাকে হত্যা করে ফেলে রেখে দেয়।
স্থানীয়রা জানান, সকালে কবরস্থানে জিয়ারত করতে আসা এক যুবক মরদেহটি দেখতে পান।পরে স্থানীয় নারী ইউপি সদস্য রুমি আকতারের সহযোগিতায় কর্ণফুলী থানাকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। পরে মরদেহটির সুরহতাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে সেটা স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।