বগুড়ায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত শ্রী ভুলু সরকার (৩৮) নামের এক কয়েদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ভুলু সরকার বগুড়া শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়া এলাকার মৃত অজিত সরকারের ছেলে।
মঙ্গলবার দুপুরে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার রুকাইয়া পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিকেলে বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে ডিএনসি বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর ও সেউজগাড়ী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ১১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ভুলু সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। ওই দিনই তাকে কয়েদি হিসেবে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় গত ৬ সেপ্টেম্বর বেলা সাড়ে চারটার দিকে ভুলু সরকার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার রুকাইয়া পারভীন জানান, মৃত ভুলু সরকারের কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না। তিনি মূলত নিয়মিত মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের স্বল্পমেয়াদি সাজা নিয়ে কারাগারে এসেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।