আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ এএম

বাঁচা-মরার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নিগার সুলতানা জ্যোতিরদের প্রতিপক্ষ এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। আজ দুবাইয়ে অলিখিত কোয়ার্টার ফাইনালে স্বাগতিক আমিরাতকে ৩৪ রানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে শারমিন আক্তার সুপ্তার দায়িত্বশীল ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে ৯ উইকেটে ৬৯ রান তুলতে পারে ইসা ওজারার দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার। তিন নম্বরে নামা সোবহানা মোস্তারিও আজ সুবিধা করতে পারেননি। ৬ বলে ৩ রান করে বিদায় নেন তিনি। অন্য প্রান্তে জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পাওয়ার-প্লেতে বাংলাদেশের রান তোলার গতি ছিল বেশ ধীর। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২১ রান সংগ্রহ করে তারা।

এরপর রান বাড়াতে গিয়ে ২০ বলে ১৬ রান করে আউট হন জুয়াইরিয়া। অধিনায়ক জ্যোতিও বড় ইনিংস খেলতে পারেননি, ২৮ বলে ২৩ রান করেন তিনি। এতে দ্রুতই ধসে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। সে ধাক্কা সামলাতে গিয়ে স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন পরপর দুই বলে গোল্ডেন ডাকের শিকার হন। মাত্র ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ দল।

সেখান থেকে দলকে টেনে তোলেন সুপ্তা। শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করে ৩১ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। সঙ্গে নাহিদা আক্তারের ২৬ বলে ১৬ রানের অপরাজিত ইনিংসে এক শ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। আমিরাতের হয়ে ৩ উইকেট নেন সুরক্ষা কোট্টে।

কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন শারমিন সুপ্তা

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই মারুফা আক্তারের পেস আক্রমণের সামনে জোড়া উইকেট হারিয়ে বসে আমিরাত। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। এরপর স্পিন নিয়ে আক্রমণ সাজিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের পরীক্ষা নেয় সফরকারীরা। এতে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে আমিরাত।

ম্যাচ সেরা হন নাহিদা আক্তার

মাঝে হেনা হোতচান্দানি দলকে টেনে তোলার চেষ্টা করলেও সফল হতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ১৮ রানে আউট হন এই ব্যাটার। পরে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানে তোলে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে লেগস্পিনার রাবেয়া খান সর্বাধিক ৩ উইকেট নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত