বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বলেন, ‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার অবস্থার অবনতি হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, তবে তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকরা মনে করেছেন, তাকে আইসিইউতে নেওয়া দরকার। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছেন।
হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন।