ব্রাজিল দলে বিপ্লবী পরিবর্তন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ এএম

বিশ্বকাপের ধাক্কা সামলে নতুন অধ্যায়ে পা রাখল ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের চমকপ্রদ স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত এই দলে রয়েছে তরুণদের জয়জয়কার বিশ্বকাপের মূল স্কোয়াড থেকে টিকে গেছেন ৯ ফুটবলার, আর আটজনই নতুন মুখ।

গত বিশ্বকাপে খেলা তারকাদের মধ্যে কেবল ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাস, মারকিনহোস, ব্রুনো গিমারেস, দানিলো সান্তোস, এনদ্রিক, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র আনচেলত্তির আস্থা ধরে রাখতে পেরেছেন। বিপরীতে অভিজ্ঞ অ্যালিসন, কাসেমিরো, লুকাস পাকেতা, মাথেউস কুনহাদের মতো নিয়মিত মুখদের আপাতত বাইরে রাখা হয়েছে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় স্বাভাবিকভাবেই নেই নেইমারও। আমূল বদলে যাওয়া এই দলের গড় বয়স মাত্র ২৪.৪ বছর, যা বিশ্বকাপ স্কোয়াডের (২৯.৬ বছর) চেয়ে প্রায় ৫ বছর কম। দলে একেবারে নতুন মুখ আটজন, যাদের এখনও সিনিয়র ফুটবলে অভিষেক হয়নি। আক্রমণভাগে রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিক ও চেলসির এস্তেভাওয়ের পাশাপাশি ফিরেছেন ফ্ল্যামেঙ্গোর পেদ্রো। তবে ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তা মধ্যমাঠ নিয়ে; ব্রুনো গিমারেস ছাড়া অভিজ্ঞ কোনো নাম না থাকায় অনূর্ধ্ব-২৩ ও নতুন প্রতিভাদের ওপর ভরসা রাখছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি তার এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, ‘এটি একটি ভারসাম্যপূর্ণ দল। যারা বিশ্বকাপে ছিল, তাদের পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে মানসম্পন্ন তরুণদের ডাকা হয়েছে। আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপের জন্য প্রস্তুত করতেই আমরা তরুণদের অগ্রাধিকার দিচ্ছি। তবে বাদ পড়া অভিজ্ঞদের জন্য জাতীয় দলের দরজা কখনোই চিরতরে বন্ধ হয়ে যায়নি।’

২৬ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।

ডিফেন্ডার: আর্তুর দিয়াজ, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাস, জাইর, মারকিনহোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদন, ব্রুনো গিমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গাব্রিয়েল বনটেম্পো।

ফরওয়ার্ড: এনদ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র।

সর্বশেষ সর্বাধিক পঠিত