সবজির দামে কিছুটা স্বস্তি মাছের বাজারে মিশ্র ভাব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ এএম

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচাবাজারগুলোয় সরবরাহ বাড়ায় সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজিতে গড়ে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে সবজির দর। তবে রূপচাঁদাসহ বেশ কিছু মাছের দাম কিছুটা কমলেও ইলিশের বাজার এখনো চড়া। অন্যদিকে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও ডিম বিক্রি হচ্ছে বাড়তি দামে। অবশ্য মাংস ও মসলাজাতীয় পণ্যের দর মোটামুটি অপরিবর্তিত রয়েছে। গতকাল শুক্রবার নগরীর পাহাড়তলী, কাজির দেউড়ি ও নয়াবাজার ঘুরে নিত্যপণ্যের দামের এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতের আগাম সবজি শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। করলা ৮০ টাকা, ধুন্দল ৭০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১০০ টাকা, শসা ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ১০০ টাকা, কলার হালি ৬০ টাকা, কচুর ছড়া ৬০ টাকা, মুলা ১০০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৮০ টাকা ও পেঁপে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

তবে টমেটো ও গাজর ১০০ থেকে ১২০ টাকা এবং ফুলকপি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাজির দেউরি বাজারের সবজি বিক্রেতা আবুল কাশেম বলেন, ‘সরবরাহ বাড়ায় দাম কিছুটা নিম্নমুখী। সবজির দাম প্রতিনিয়ত কমছে। প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা তো কমছেই,  কোনো কোনো সবজির দাম আরও বেশি কমেছে। কিছুদিন আগে বৃষ্টি না হলে দাম আরও কমত। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে দর আরও কমবে।’

এদিকে মাছের বাজারে দেখা গেছে মিশ্র প্রবণতা। গত সপ্তাহের তুলনায় রূপচাঁদা কেজিতে ১০০ থেকে ২০০ টাকা কমে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় এবং কাতল ৪৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ইলিশ প্রচুর পরিমাণ মিললেও দাম এখনও আকাশছোঁয়া। এক কেজি ওজনের ইলিশ এখনও ২ হাজার টাকার ওপর বিক্রি হচ্ছে। আকারভেদে কেজিপ্রতি ইলিশ ২ হাজার ১০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রুই ৪০০ থেকে ৫০০ টাকা এবং তেলাপিয়া ৩০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এ ছাড়া কোরাল ও বাগদা চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ২০০, শোল ১ হাজার, পোয়া ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কাজির দেউরি বাজারের মাছ ব্যবসায়ী মোহাম্মদ হামিদ জানান, সাগরে এখন মাছ পাওয়া যাচ্ছে। তাই দামও কমছে। মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, দেশি ৬০০ থেকে ৬৫০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় স্থির রয়েছে।

পাহাড়তলী বাজারের মুরগি ব্যবসায়ী সুজন হাওলাদার বলেন, মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এখন সরবরাহ ভালো। এ ছাড়া নিত্যপণ্যের বাজারে গত সপ্তাহের মতোই প্রতি কেজি পিঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা, আলু ৩০ থেকে ৩৫ টাকা, রসুন এবং আদা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে এখনও বড় প্রভাব ফেলছে ডিমের দাম। প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। নয়াবাজারে কেনাকাটা করতে আসা ব্যবসায়ী আনোয়ার হোসাইন বলেন, ‘সবজি ও নির্দিষ্ট কিছু মাছে অল্প টাকা কমেছে। বাজারে প্রচুর ইলিশ দেখা গেলেও অতিরিক্ত দামের কারণে সেদিকে চোখই দেওয়া যায় না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত