গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের পানিতে ভাসতে থাকা বস্তা থেকে অজ্ঞাত এক নারীর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও মেম্বারবাড়ি বাজারের মধ্যবর্তী নির্জন স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালের পানিতে একটি লাগেজ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খুলে অজ্ঞাত এক নারীর মরদেহের নিচের অংশ পাওয়া যায়। এ সময় পুলিশ আশপাশে অভিযান চালিয়ে আরও একটি বস্তা খুঁজে পায়। পরে বস্তাটি খুললে এর ভেতর থেকে নারীর মরদেহের বাকি অংশ মাথাসহ শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি খন্ডিত করে পৃথকভাবে লাগেজ ও বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছিল।
স্থানীয়রা জানান, প্রথমে খালের পানিতে লাগেজটি ভাসতে দেখে তারা কাছে যান। পরে লাগেজের ভেতর মানুষের পা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পাশের পানিতে ভাসতে থাকা বস্তাটিও উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ওসি মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা নারীর মরদেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত করা হচ্ছে।