টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফাঁকা বাড়িতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকা এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারী বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার স্বজনদের দাবি, এ ঘটনার সময় ধর্ষকদের হামলায় ওই নারীর তিনটি দাঁত ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদ্রাসা এলাকায় গত ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে।

ভুক্তভোগী নারী জানান, ওই দিন রাতে পুরুষ সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। ফলে সন্তানদের নিয়ে তিনি একাই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তিন থেকে চার ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এ সময় তার সন্তানদেরও দূরে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে ছুটে যান। সেখানে তারা ভুক্তভোগী নারীকে অচেতন অবস্থায় দেখতে পান বলে স্থানীয়রা জানান। এ সময় অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে  টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। আমরা অভিযুক্ত আকবর ও সোহাগ কাজী নামে দুইজনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত