গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ককটেলসহ আটক ২

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ এএম

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। গতকাল শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে। এ সময় মিছিল থেকে দুজনকে পাঁচটি তাজা ককটেলসহ আটক করে। আটক দুজন হলেনÑ মো. আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করে। এমন খবরে তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে ৫টি ককটেলসহ গ্রেপ্তার করা হয়। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত