চট্টগ্রামের আনোয়ারায় নিজ সেলুনের ভেতর থেকে নেপাল রবি দাশ নামে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে তিনি ফেসবুকে ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে স্ট্যাটাস দিয়ে ছিলেন। উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার তার দোকান থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয় ।
নিহত নেপাল রবি দাশ উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের মৃত সুনীল রবি দাশের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান,শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নেপাল রবি দাশ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন,‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়,আমাকে সবাই ক্ষমা কইরেন।’ স্ট্যাটাস দেখার পর স্থানীয়রা তাকে সেলুনের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।