কৃষক কার্ডে স্বজনপ্রীতি নয়, প্রকৃত কৃষকই অগ্রাধিকার: কৃষিমন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকালে উপজেলার ৭ হাজারের বেশি কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতের সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ইউনিয়নভিত্তিক ব্লকে কাজ করে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর সফরের দিন ফুলগাজীতে ৭ হাজারের বেশি কৃষককে কৃষক কার্ড দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে। প্রতিটি উপজেলার ইউনিয়নভিত্তিক ব্লকে এ কার্যক্রমের কাজ চলছে।

তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ২ কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। কৃষকদের ধরণ অনুযায়ী বিভিন্ন ধরনের কার্ড রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের কৃষকেরা এ কার্ড পাবেন। কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতের সুযোগ নেই।

সারের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। সার সংকট থাকলে বিভিন্ন মিলে সার পাওয়া যাচ্ছে কোথা থেকে এ প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, নিয়ম অনুযায়ী সার থাকার কথা ডিলারদের কাছে। কিন্তু অনেক ক্ষেত্রে ডিলার নন, এমন ব্যক্তিদের কাছেও সার পাওয়া যাচ্ছে। এসব দুষ্ট লোকের কারণে সমাজ, কৃষক ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সার নিয়ে অনিয়ম ও কারসাজি বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নজরদারির জন্য ইতোমধ্যে কয়েকটি টিম গঠন করা হয়েছে। খুব দ্রুত এ চক্রের অপতৎপরতা বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনীর উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আমিন উর রশিদ বলেন, সরকারের কোনো কর্মকর্তা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই কর্মকর্তার বিরুদ্ধেও যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ সেপ্টেম্বরের ফুলগাজী সফরকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে মাঠে নেওয়া প্রস্তুতি, সম্ভাব্য জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত