ড. হেলাল উদ্দিন

চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ কর্মজীবীকে বেকার করেছে বিএনপি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি ছয় মাসে এক কোটি মানুষের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ কর্মজীবীকে বেকারত্ব উপহার দিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। কিন্তু ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় ৬০ লাখ কর্মজীবী মানুষ বেকার হয়েছে। গ্যাস-বিদ্যুতের সংকটে কলকারখানা বন্ধ হয়ে বেকারত্বের হার ক্রমেই বাড়ছে। সারের কৃত্রিম সংকটে কৃষকেরা সার পাচ্ছেন না। ফলে কৃষি উৎপাদনেও বিপর্যয় দেখা দিতে শুরু করেছে।

মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা শ্রম বিভাগের উদ্যোগে আয়োজিত শ্রমিক সংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে রাজপথে শ্রমিক সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক শ্রমিক শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে শ্রমিকদের রক্তের দাগ লেগে আছে। অথচ শ্রমিক সমাজ বরাবরই শোষিত হচ্ছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং সব সরকার শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি বলেন, যতদিন মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হবে, ততদিন সমাজের খেটে খাওয়া মানুষ শোষণের শিকার হতেই থাকবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি শ্রমজীবী মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান।

ড. হেলাল উদ্দিন আরও বলেন, বৈষম্যহীন, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাসব্যাপী গণসংযোগ অভিযান শুরু করেছে। এ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি।

জামায়াতে ইসলামীর নেতৃত্বে সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

পল্টন থানা শ্রম বিভাগের সভাপতি শামীম হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম ও সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব। এ ছাড়া বক্তব্য দেন পল্টন থানা কর্মপরিষদ সদস্য এএফএম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, আল আমিন রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে অর্ধশত শ্রমজীবী মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় প্রধান অতিথি ড. হেলাল উদ্দিন তাদের মাথায় টুপি পরিয়ে বরণ করে নেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত