দুবাইস্থ ট্রান্সগার্ডে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়াতে কনসাল জেনারেলের আহ্বান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ এএম

দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দুবাই ট্যাক্সি কোম্পানি ও দুবাইস্থ ট্রান্সগার্ড গ্রুপে আরও বেশি বাংলাদেশি দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুবাই ট্যাক্সি কোম্পানির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির গ্রুপ চিফ অপারেশনস অফিসার আম্মার আল বুরাইকি’র সঙ্গে বৈঠক করেন কনসাল জেনারেল। বৈঠকে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় তিনি দুবাই ট্যাক্সি কোম্পানিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও অধিকসংখ্যক দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান।

একই সঙ্গে প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। বাংলাদেশিদের কর্মসংস্থান, কল্যাণ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও দুবাই ট্যাক্সি কোম্পানি যৌথভাবে কাজ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে কনস্যুলেট ও দুবাই ট্যাক্সির কর্মকর্তারা প্রতিষ্ঠানে নবাগত ১৬০ জন বাংলাদেশি কর্মীর জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেন।

অনুষ্ঠানে কনসাল জেনারেল নবাগত কর্মীদের স্বাগত জানিয়ে দুবাইয়ে কর্মরত অবস্থায় ট্রাফিক আইনসহ স্থানীয় সব আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং কর্মক্ষেত্রে সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি তাদের প্রতি অনুরোধ করেন।

অনুষ্ঠান শেষে কনসাল জেনারেল দুবাই ট্যাক্সি কোম্পানির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুবাইস্থ ট্রান্সগার্ড গ্রুপেও আরও বাংলাদেশি নিয়োগের আহ্বান

এদিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সঙ্গে দুবাইস্থ ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিং স্টিফেন বিলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও গতিশীল ও সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্টিফেন বিল কনসাল জেনারেলকে জানান, বর্তমানে ট্রান্সগার্ড গ্রুপে বাংলাদেশিরা বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন।

কনসাল জেনারেল বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় ট্রান্সগার্ড গ্রুপকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও অধিকসংখ্যক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও ট্রান্সগার্ড গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত