বলিউডে নারী তারকাদের প্রভাব ও পর্দায় তাদের শক্তিশালী উপস্থিতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি এক বক্তব্যে তিনি আলিয়া ভাট, দীপিকা পাড়–কোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার অবদানকে বিশেষভাবে তুলে ধরেন। পরিণীতি বলেন, বর্তমান দর্শক অনেক বেশি সচেতন এবং তারা মা হওয়া অভিনেত্রীদের কোনোভাবেই গ্রহণ করতে ইতস্তত করছেন না। সিনেমা শিল্পে এখন আর ‘মা’ চরিত্রগুলোকে চিরাচরিত ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে না, বরং বহুমাত্রিক রূপ ফুটিয়ে তোলা হচ্ছে।
হিন্দি সিনেমায় নারী চরিত্রের বিবর্তন নিয়ে জোর আলোচনা চলার সময়েই তার এই বক্তব্য সামনে এলো। পরিণীতির মতে, আলিয়া ও দীপিকার মতো তারকারা প্রতিটি ছবিতে বৈচিত্র্যময় ভূমিকা তুলে ধরে দর্শকদের মন জয় করছেন এবং ইন্ডাস্ট্রিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। মূলত আধুনিক গল্পের বৈচিত্র্য এবং বাস্তবসম্মত নারী চরিত্রের গ্রহণযোগ্যতাই বলিউডের এ পরিবর্তনকে আরও গতিশীল করছে।